শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বজ্রকণ্ঠ ::
![]()
একুশ বাঙালির অধিকার আদায়ের সাধনা, একুশ বাঙালির স্বাধিকারের অঙ্গীকার, একুশ বাঙালির মায়ের ভাষা রক্ষার সূচনা, একুশ বাঙালির অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার উন্মাদনা।
একুশের চেতনা আমাদের আত্মমর্যাদাশীল করেছে। দুর্জয় সাহস জুগিয়েছে। ‘একুশ মানে মাথা নত না করা’ -চিরকালের এ স্লোগান আজও সমহিমায় ভাস্বর। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, যাবতীয় গোঁড়ামি আর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার।
আজ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বাংলা বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির-প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রমান।
এছাড়া বরাবরের মতোই এবারও মধ্যরাতের অনেক আগ থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাত্রা শুরু হয় সর্বস্তরের বাঙালির। হাতে ফুল, হৃদয়ে ভাষা শহীদদের প্রতি গভীর ভালোবাসা আর কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ -অমর একুশের এই গান তুলে মানুষের সম্মিলিত স্রোত মেশে এক পথে। শহীদ মিনারে পুষ্পার্ঘ্য শেষে অনেকেই যান আজিমপুর কবরস্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করতে।
একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন। দেশের সর্বত্র অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। সংবাদপত্র, টেলিভিশন ও বেতারে ভাষা দিবসের বিশেষ ক্রোড়পত্র ও অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। জাতীয় দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দ্বীপগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বর্ণমালা সংবলিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে।
মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়। ২১শে ফেব্রুয়ারি আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে ২১শে ফেব্রুয়ারি দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে এ দিবসটি পালিত হচ্ছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশেই আজ থাকবে নানা আনুষ্ঠানিকতা। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে পৃথক কর্মসূচি।
দেশের সব জেলা ও উপজেলা সদরে দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিদেশে অবস্থিত মিশনগুলোতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপিত হবে। বিভিন্ন কর্মসূচী পালন করবে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো।
বিষয়: #আজ #আন্তর্জাতিক #একুশে #দিবস #ফেব্রুয়ারি #মহান #মাতৃভাষা










ভাষা শহিদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
এবার যে দেশে মাত্র আড়াই ঘণ্টা রোজা
আল-আকসায় জুমার নামাজ আদায়ে ইসরায়েলি বাহিনীর বাধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮ উপদেষ্টার দফতর বণ্টন
বাংলাদেশ ‘মেরুদণ্ড সোজা করে’ সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী
১৮০ দিনের মধ্যে খাল খনন কার্যক্রম চালু: পানিসম্পদ মন্ত্রী
বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন
